
সাতক্ষীরায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে তিনটি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাব জানায়, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী যুবক অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।