ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

গুড় তৈরির কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

গুড় তৈরির কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষতিকর রাসায়নিক ও চিনি দিয়ে অননুমোদিত উপায়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদনসামগ্রী বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে শুকুরের হাট এলাকার ওই কারখানায় আখ ব্যবহার ছাড়াই অননুমোদিত ও সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোরছালিন রহমান ছোটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কারখানায় থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রং), সিঁদুর, চুনসহ অন্যান্য ক্যানসার সৃষ্টিকারী মারাত্মক রাসায়নিক এবং প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখের নামগন্ধহীন এসব কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ও চিনি জ্বাল দিয়ে তথাকথিত আখের গুড় তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত মারাত্মক।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, চিনির রস, পচা মিষ্টির শিরা এবং লিভার ও কিডনি ধ্বংসকারী অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছিল। জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুরের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানা,৮০ হাজার টাকা,অভিযান,গুড় তৈরির কারখানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত