ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদা না দেওয়ায় অফিসে হামলা-লুটপাটের অভিযোগ, ২ নেতা আটক

চাঁদা না দেওয়ায় অফিসে হামলা-লুটপাটের অভিযোগ, ২ নেতা আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আওয়ামী লীগ নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। পরে রাতে দর্শনা থানায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আটকরা হলেন দর্শনা থানা যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন।

এদিকে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দর্শনা থানা যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগ, সম্প্রতি আমদানিকৃত পাথরের চালানের পণ্য খালাসের একটি কাজ নিয়ে আরেক সিএন্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের সুযোগ নিয়ে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতেও তাকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরদিন শুক্রবার সকালে টাকা না দিলে অফিসে ভাঙচুর ও লুটপাট চালানোর হুমকি দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একই দিন দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার অফিসে লাঠিসোটা নিয়ে একদল লোক হামলা চালায়।

রফিকুল ইসলামের দাবি, হামলাকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিন ও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে। এ সময় তার কক্ষে প্রবেশের জন্য দরজা ভাঙারও চেষ্টা করা হয়। অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা নগদ ও স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক লুট হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবদল নেতা ব্রাইট ও ছাত্রদল নেতা অমিনকে আটক দেখানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও চাঁদাদাবির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২ নেতা আটক,হামলা-লুটপাটের অভিযোগ,চাঁদা না দেওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত