
পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আল রামিন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানাইয়া ইমরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কেবল নামমাত্র স্বাক্ষরের জন্য নয়, বরং শিক্ষার আসল উদ্দেশ্য হলো জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করা। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর জোর দেন তারা।
বক্তারা আরও বলেন, যাদের এখনো অক্ষরজ্ঞান নেই, তাদের দ্রুত সাক্ষরতার আওতায় আনতে হবে। মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, একটি দেশের মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। শতভাগ সাক্ষরতা অর্জন না করা পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাউখালী উপজেলাকে নিরক্ষরমুক্ত করতে প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আলোয় ফেরাতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে।