
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের ৬৪টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে আয়োজিত সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঘটে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা।
প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর মাত্র এক মিনিটের মাথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বক্তব্য শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ আবার ফিরে আসে।
উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু উপজেলা মিলনায়তনকেন্দ্রিক ওই সময়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় কাউখালী উপজেলা হলরুমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাবেক সদস্য সচিব ভিপি দুলাল, স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়া শুরু করার এক মিনিটের মধ্যেই অডিও-ভিডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা থেকে বঞ্চিত হন। পরে বক্তব্য শেষ হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল হয়।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা ঠিকভাবে শুনতে পারিনি, যা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পেছনে মূল কারণ কী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, “অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ যেন কোনোভাবেই না যায়, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই লিখিত ও মৌখিকভাবে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে পল্লী বিদ্যুৎ কাউখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন ইউএনওর কক্ষের লাইনে সমস্যা থাকায় সেটি মেরামতের অজুহাত দেখালেও তা মানতে নারাজ উপস্থিত ক্ষুব্ধ শ্রোতারা।
পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলতাফ হোসেন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।