ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এর মধ্যে রয়েছে ১৪০ বোতল ভারতীয় মদ, ১০ কেজি ভারতীয় গাঁজা, ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির টহলদল পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গারোটিলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই রাতে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০ নম্বর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। পৃথক এসব অভিযানে সর্বমোট ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের ওই এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা রাস্তার পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দেখতে পান।

পরে সন্দেহের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হলে বালুর নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। তল্লাশির একপর্যায়ে বিজিবি সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

বিজিবির ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বালুবাহী ট্রাকের আড়ালে ভারতীয় পণ্য পরিবহনের চেষ্টা করেছিল চোরাচালানকারীরা। তবে বিশেষ টহলদলের তৎপরতায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মাদক জব্দ,ভারতীয় পণ্য,বিজিবির অভিযান,হবিগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত