
গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের তৎপরতায় মো. মোকলেস (২২) নামে এক যুবক আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে চুরি করা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
আনসার সদস্যদের সতর্কতা, তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের কারণে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ চুরির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
জানা যায়, ১২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু প্রতিষ্ঠানের ভেতরে সন্দেহভাজন এক ব্যক্তির উপস্থিতির বিষয়টি কর্তব্যরত আনসার পিসি মো. মামুন গাজীকে জানান।
খবর পেয়ে তিনি এপিসি আনাম হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভবনের ভেতরে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন আনসার সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ভবনের পেছনের অংশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে তল্লাশি চালিয়ে ভবনের ভেতরে বৈদ্যুতিক তার কাটার বিষয়টি শনাক্ত করা হয়।
প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে আনুমানিক ৭০-৮০ হাজার টাকা মূল্যের তামার মোটা বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়।
আটক মো. মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে জয়দেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে চুরির চেষ্টা প্রতিহত করে একজনকে আটক এবং চুরি হতে যাওয়া মালামাল উদ্ধার তারই একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
ভবিষ্যতেও নিরাপত্তা ও জনকল্যাণে আনসার ও ভিডিপির সদস্যদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।