
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের এমপি এ টি এম আজহারুল বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। এ কারণে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জনগণের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
এ টি এম আজহারুল বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা নির্বাচনের পর থেকেই জনগণের রায় বাস্তবায়নের কথা বলে আসছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা বাস্তবায়ন না করে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি।
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এখন কেন বাড়ছে? আসতে চাঁদা, যাইতে চাঁদা। এই চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমে যাবে।
কৃষকদের প্রসঙ্গে এ টি এম আজহারুল বলেন, সার গুদামে আছে, কিন্তু কৃষক পাচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, খেলাফত মজলিসের জেলা আমির মুফতি আব্দুর রউফ, এনসিপির জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।