
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে ৮৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়ার টাঙ্গাইল জেলা সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের হাতে ৮৭টি বাইসাইকেল তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মিয়া।
এ সময় উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০টি স্কুল ব্যাগ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ১০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
এর আগে বিভাগীয় কমিশনার টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুম পরিদর্শন করেন।