
টাঙ্গাইলের সখীপুরে সতীনকে ‘মা’ ডাকায় তিন বছরের শিশু আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় আট বছরের মেয়ে সিদরাতুলকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা-পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ছোটবেলা থেকেই তার বাবার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের কাছে বড় হয়েছে। সে নাসিমাকে ‘বড় মা’ এবং নিজের মা আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত। এ বিষয়কে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলে পরিবারের অভিযোগ।
ছুরিকাঘাতে আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সিদরাতুল সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। শিশুটির মরদেহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান।