ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চাটুকার সাংবাদিকদের কারণে শেখ হাসিনার পতন: নোয়াখালীতে বুলু

চাটুকার সাংবাদিকদের কারণে শেখ হাসিনার পতন: নোয়াখালীতে বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামল তেমন খারাপ ছিল না। তবে পরবর্তীতে কিছু অতিউৎসাহী চাটুকার সাংবাদিক, হাইব্রিড আওয়ামী লীগ ও ব্যবসায়ীদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, সাংবাদিকতা একটি মহান ও মানবিক পেশা। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হলে দেশ, জাতি, সমাজ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উন্নতি হয়। অন্যদিকে অপসাংবাদিকতার কারণে সবকিছুর ক্ষতি হয়।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমন, সদস্য আকবর হোসেন সোহাগসহ অনেকে বক্তব্য দেন।

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মোতাছিম বিল্লাহ সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু, আজিজ আহমেদ, নুর করিম, শিপন, মজিদ, ফারুক, নাজমুল গনি মান্না, আহসান উল্যাহ, হাবিবুর রহমান, বাহারুল আলম সুমন, স্বপন তীবরীজ, রুস্তম আলী, রাজু, নজরুলসহ সংগঠনের অন্যান্য সদস্য।

নোয়াখালীতে বুলু,হাসিনার পতন,চাটুকার সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত