ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

‘নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না’

‘নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না’

কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে সাত মাস হয়েছে। সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন কর্মসূচিতে নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার ও রেজাউল করিম সিদ্দিক।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সাবেক আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরদাশত হবে না,সন্ত্রাসী কার্যকলাপ,নৈরাজ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত