ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

মাদকাসক্ত হয়ে মা-বাবাকে মারধর ও নির্যাতনের অভিযোগে বেলাল মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বেলাল ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মা-বাবার সঙ্গে অশোভন আচরণ ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার মা-বাবা ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগও করেন।

বুধবার আবারও নেশাগ্রস্ত অবস্থায় মা-বাবার সঙ্গে মারধর ও অশোভন আচরণের অভিযোগ ওঠে বেলালের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকার, এএসআই শামসুজ্জোহা ও ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপস্থিত ছিলেন। এ সময় বেলালকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। সংশ্লিষ্টরা জানান, তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে বেলাল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, ‘বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে প্রায়ই মা-বাবার সঙ্গে খারাপ আচরণ ও মারধর করত। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে বেলাল মিয়াকে আটক করা হয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।’

একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

কারাদণ্ড,মাদকাসক্ত ছেলে,মা-বাবার অভিযোগ,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত