ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রান্নার ঝামেলা নেই, ঈশ্বরদীতে ড্যাগের মাংসে ঝুঁকছেন মানুষ

রান্নার ঝামেলা নেই, ঈশ্বরদীতে ড্যাগের মাংসে ঝুঁকছেন মানুষ

পাবনার ঈশ্বরদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ড্যাগে রান্না করা গরুর মাংস। শুক্রবার সকাল থেকে দুপুর কিংবা বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন খাবারের দোকান ও বাজারে ড্যাগে রান্না করা মাংস কিনতে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ, ঝাল-মসলার বৈচিত্র্য ও সহজলভ্যতার কারণে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও এ খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরদীর বিভিন্ন বাজার ও ভাজাপোড়ার দোকানে বড় ড্যাগে মাংস রান্না করে বিক্রি করা হয়। বিশেষ করে দুপুরের খাবারের সময় এসব দোকানে ক্রেতাদের ভিড় বাড়ে। অনেকে বাড়িতে রান্নার ঝামেলা এড়াতে ড্যাগে রান্না করা মাংস কিনে নিয়ে যান। কেউ কেউ আবার ভাত, খিচুড়ি বা রুটির সঙ্গে খাওয়ার জন্য পছন্দের মাংস কিনছেন।

বিক্রেতারা জানান, চাহিদা বাড়ায় প্রতিদিন আগের তুলনায় বেশি পরিমাণ মাংস রান্না করতে হচ্ছে। সকালেই অনেক দোকানে মাংসের বড় অংশ বিক্রি হয়ে যায়। ছুটির দিন ও বিশেষ দিনে চাহিদা আরও বেড়ে যায়।

ঈশ্বরদী পৌর শহরের বকুলের মোড়ে অবস্থিত রাশেদুলের খিচুড়ি হাউজে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের আদলে ড্যাগে গরুর মাংস রান্না করে বিক্রি করেন আমদ আলী। তিনি বলেন, “আগে সীমিত পরিমাণে মাংস রান্না করতাম। এখন ক্রেতা বেড়ে যাওয়ায় বেশি পরিমাণে রান্না করতে হয়। ভালো মানের মাংস ও মসলা ব্যবহার করায় ক্রেতারা বারবার আসছেন।”

গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ ড্যাগে রান্না করা মাংস কিনতে এসে বলেন, ড্যাগে রান্না করা মাংসের স্বাদ অনেকটা ঘরোয়া রান্নার মতো। পাশাপাশি তুলনামূলক কম সময়ে পছন্দের মাংস কেনার সুযোগ থাকায় কর্মজীবী ও ব্যস্ত মানুষের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।

ব্যস্ত জীবনে অনেকেই এখন রান্নার সময় ও পরিশ্রম বাঁচাতে তৈরি খাবারের দিকে ঝুঁকছেন। সেই চাহিদার একটি অংশ পূরণ করছে ড্যাগে রান্না করা মাংস। বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়ায় আগের তুলনায় বেশি পরিমাণ মাংস রান্না করতে হচ্ছে।

স্বাদ, সহজলভ্যতা আর রান্নার ঝামেলা না থাকায় ঈশ্বরদীতে ড্যাগে রান্না করা মাংসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তবে ক্রেতাদের প্রত্যাশা, স্বাদের পাশাপাশি খাবারের মান, পরিচ্ছন্নতা ও সঠিক ওজন নিশ্চিত করবেন বিক্রেতারা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ও দ্রুত খাবার পাওয়ার চাহিদার কারণে ড্যাগে রান্না করা মাংসের বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। জনপ্রিয়তার সঙ্গে খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাদ অক্ষুণ্ন রাখতে পারলে এটি ঈশ্বরদীর অন্যতম জনপ্রিয় স্থানীয় খাবারে পরিণত হতে পারে।

ঝুঁকছেন মানুষ,ড্যাগের মাংস,ঈশ্বরদী,রান্নার ঝামেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত