ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে বিশেষ অভিযান, ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২৩

ঈশ্বরদীতে বিশেষ অভিযান, ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ২৩

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ আরও জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানিয়েছেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ২৩,ওয়ান শুটারগান,বিশেষ অভিযান,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত