ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহীর মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং মৃত আশরাফ হোসেনের ছেলে আশিক।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। আদালতের এপিপি শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। ওই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১২। ওই দিন গভীর রাতে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

পাঁচজনের যাবজ্জীবন,৩ মাদক মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত