ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঘাটাইল পৌর এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার

ঘাটাইল পৌর এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ না থাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিশেষ করে রান্নাবান্না, নিত্যপ্রয়োজনীয় কাজ ও গৃহপালিত পশু পালন নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। জলাবদ্ধতার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। এতে তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘদিনের এ জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও পৌরসভার এ ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুম শেষ হলেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখনো জমে রয়েছে পচা ও দুর্গন্ধযুক্ত পানি। স্থায়ী জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বাড়ছে। দেখা দিচ্ছে ডেঙ্গু ও নানা ধরনের চর্মরোগ। এতে শত শত পরিবারের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে।

কোথাও চলাচলের ভরসা খেয়া নৌকা, আবার কোথাও বাঁশের সাঁকো। পচা পানি মাড়িয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বসতবাড়িতেও পানি ঢুকে পড়ছে। এর সঙ্গে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে অনেক পরিবার। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় আবাদি জমিও পানির নিচে তলিয়ে রয়েছে। সময়মতো চাষাবাদ করতে না পেরে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করেও তারা প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌরসভায় পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই। সময়ের সঙ্গে সঙ্গে পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি। মাসের পর মাস জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

দীর্ঘস্থায়ী এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে চান্দশী গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ গৃহস্থালির কাজেও ভোগান্তির শিকার হচ্ছেন গৃহবধূরা। এ অবস্থা থেকে স্থায়ী মুক্তি পেতে ঘাটাইল পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ এবং পানি নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চান্দশী গ্রামের বাসিন্দা আরিফ হোসেন জানান, বর্ষা মৌসুম শেষ হলেও এলাকায় ময়লা-আবর্জনাযুক্ত দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে মশার উপদ্রব বাড়ছে এবং ডেঙ্গু ও নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এতে শত শত পরিবারের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভার প্রশাসক নূরী তাসমিন উর্মি জানান, পৌর এলাকার পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নিতে তিনি চান্দশী এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্ভোগে শতাধিক পরিবার,জলাবদ্ধতা,ঘাটাইল পৌর এলাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত