
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার, পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবুসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণের পদ্ধতি সরাসরি প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
পাশাপাশি ভূমিকম্পের সময় নিরাপদে থাকার উপায় ও দুর্যোগ-পরবর্তী করণীয় তুলে ধরে সচেতনতামূলক মহড়া পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে।