ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দুর্গাপুরে পাঠচক্র

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দুর্গাপুরে পাঠচক্র

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঐতিহাসিক সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল চিন্তা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার সমন্বয়ে আগামী দিনের ছাত্ররাজনীতির গতিপথ কেমন হওয়া উচিত, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোরশেদ আলম, রফিক মিয়া ও নূর আলম খান। নেতারা তাদের বক্তব্যে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কার ও অধিকার আদায়ের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

বর্তমান কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি সাইমন মিয়া। তিনি উপজেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

পাঠচক্রে সংহতি জানিয়ে বক্তব্য দেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক জিয়া স্যার ও বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন সান্যাল। বক্তব্যে জিয়া স্যার জানান, সুসং সরকারি মহাবিদ্যালয়ে পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালুর স্বীকৃতি পেতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত স্বীকৃতি পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

শিক্ষক ও আলোচকেরা শিক্ষার্থীদের এ ধরনের মেধাভিত্তিক ও মননশীল চর্চার প্রশংসা করেন। তারা বলেন, আদর্শিক পাঠচক্র তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে সহায়তা করে।

এ ছাড়া পাঠচক্রে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে পাঠচক্রের সমাপ্তি ঘটে।

দুর্গাপুরে পাঠচক্র,গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা,মুক্তিযুদ্ধের চেতনা,জুলাই গণঅভ্যুত্থান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত