
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। এ প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় অপারেটরদের সহায়তা করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এপিসিএসে ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তির সহায়তায় আরএএসইউ ওআইএসএস তৈরি করেছে। প্রথম ইউনিটে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং এটি স্টার্টআপ কার্যক্রমেও ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও এ প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
ওআইএসএস বিদ্যুৎকেন্দ্রের ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে অপারেটরদের পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা রয়েছে। এর মাধ্যমে অপারেটররা দ্রুত তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর প্রকল্প আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি অগ্রণী উদ্যোগ। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম ওআইএসএস বাস্তবায়ন করা হচ্ছে।
তার মতে, এ প্রযুক্তি জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাস করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের সহায়তা করবে।
জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।