
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান। তিনি দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. বজলুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম।
দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং বিএনসিসির সদস্যরা।