ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যা, গ্রেপ্তার ১

স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যা, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে ইমদাদুলের মৃত্যু হয়।

নিহত ইমদাদুল উপজেলার গোবিন্দপুর নওদা ভন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। গ্রেপ্তার নাইস একই গ্রামের মজনু রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর নওদা ভন্ডবিল নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে একই বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।

এরপর বিষয়টি নাইসের পরিবারের সদস্যদের জানাতে তার বাড়িতে যান ইমদাদুল। সেখানে নাইসের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নাইস ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে ইমদাদুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা ইমদাদুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। বুধবার রাতে চায়ের দোকানে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি নিয়ে নাইসের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাটি জানাতে ইমদাদুল নাইসের বাড়িতে যান।

উজ্জ্বল হোসেন আরও বলেন, ইমদাদুল নাইসের বাবা-মাকে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি জানান। এ সময় নাইস ক্ষিপ্ত হয়ে ঘর থেকে কাঠের বাটাম এনে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ইমদাদুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে লালব্রিজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার ১,যুবককে হত্যা,স্কুলছাত্রীদের উত্ত্যক্ত,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত