ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুই দিন ভোগান্তির পর দেশে ফিরলেন ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

দুই দিন ভোগান্তির পর দেশে ফিরলেন ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছিলেন পাবনার ঈশ্বরদীর ৫০ জন ওমরাহযাত্রী। দুই দিন অপেক্ষা ও আবাসন সংকটের ভোগান্তি পেরিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কাতার হয়ে দেশে ফিরেছেন তারা। বিকল্প পথে ফিরতে প্রত্যেককে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে।

ওমরাহযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। পরে কাতার এয়ারলাইনসের ফ্লাইটে বিকল্প পথে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় আগের আবাসন চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে থাকার ব্যবস্থা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের দলে বয়স্ক নারী-পুরুষ, শিশু ও পরিবারের সদস্যরা থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়। এ সময় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রী সাগর সরদার জানান, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি ওমরাহ পালন করতে গিয়েছিলেন। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তাদেরও অতিরিক্ত টাকা খরচ করে দেশে ফিরতে হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, আটকে পড়া যাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নিরাপদে দেশে ফিরেছেন।

৫০ ওমরাহযাত্রী,ঈশ্বরদী,দুই দিন ভোগান্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত