ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুর, নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা সভা

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুর, নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর জেলা সফর উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রংপুরের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা মন্দির কমিটির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ আরও বেড়েছে।

জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানযোগে সকাল ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল ১১টায় তিনি রংপুর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। বেলা সাড়ে ১২টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সামরিক বিমানযোগে রাজশিয়া এবং পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন ধর্মসভা মন্দির কমিটির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দিরের প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, প্রধানমন্ত্রীকে বরণ এবং পরিদর্শনের সময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, ধর্মসভা মন্দির কমিটির সভাপতি পার্থ বোসসহ অন্যরা।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, প্রধানমন্ত্রী দুর্গাপূজায় অংশ নেবেন। এতে রংপুরের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দিত। দলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কিছুদিন আগে রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে নগরবাসীও প্রধানমন্ত্রীর প্রতি খুশি। এর সঙ্গে রংপুরে তার আগমন নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন।

রংপুর মহানগর বিএনপির সদস্য ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি তাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবে অংশ নেবেন। তার আগমনের মধ্য দিয়ে রংপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটি পূজামণ্ডপ পরিদর্শনের কথা উল্লেখ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দিরেও প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা সভা,নিরাপত্তা জোরদার,প্রস্তুত রংপুর,প্রধানমন্ত্রীকে বরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত