ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙা হলো অজয় দেবগনের বাড়ি

ভাঙা হলো অজয় দেবগনের বাড়ি

একদিকে ‘দৃশ্যম ৩’-এর সাফল্য। অন্যদিকে দুর্গাপূজার আনন্দ। এত সুখ কপালে সইলো না বলিউড তারকা অজয় দেবগনের। প্রাপ্তির আনন্দে গা ভাসিয়ে যখন পূজা উদযাপন করছেন ঠিক তখন ভাঙা হলো তার জুহুর বাংলো। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অজয়ের বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। ৭ হাজার ৮০২ বর্গ ফুট আয়তনের বাড়ির ভেতরে করা হয়েছে নানা কাজ। কিন্তু বাড়িটি নিয়ে আপত্তি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পুরসভার। তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোয় একাধিক নির্মাণ এবং সংস্কারের কাজ করেছেন অজয় দেবগণ।

তারা জানান, গেল ১০ সেপ্টেম্বর বাড়িটি প্রসঙ্গে ৩৫৪ এ ধারায় নোটিশও দেওয়া হয় অজয়কে। নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়। সেইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র পুরসভায় জমা দিতে বলা হয়। কিন্তু অভিনেতা বিষয়টি আমলে নেননি। বন্ধ করেননি কাজও। সে কারণেই আজ মাঠে নামে পুরসভা। ভাঙা হয় বাড়ির অবৈধ নির্মাণ।

এদিকে মুক্তির ১৫ দিনের মাথায় বিশ্বব্যাপী প্রায় ৫২০ কোটি রুপি আয় করেছে অজয়ের ‘দৃশ্যম ৩’। শুধু ভারতেই ছবিটির নিট আয় ৩৩৫ কোটি রুপির বেশি। অজয় দেবগন অভিনীত প্রধান চরিত্রের ছবিগুলোর মধ্যে এটিই তার সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে জানা গেছে।

বাড়ি,অজয় দেবগন,ভাঙা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত