
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলো ইঞ্জিনচালিত নৌকায় থাকা আরও তিনটি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যান বালু উত্তোলনকারীরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল রানা, জহুরুল হক, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন ও আইজুল হকের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। নদের তীররক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় বাঁধটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।
এ পরিস্থিতিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জব্দ করা সাতটি ড্রেজার মেশিনের মধ্যে পাঁচটি থানায় নিয়ে আসা হয়। বাকি দুটি মেশিন নদীতে থাকায় সেগুলো ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয়। পরবর্তী সময়ে সেগুলো থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিয়মনীতি উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।