ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে পাশের বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সূর্য বেগম (৫২) ওই গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম উদ্দিন সরদার (৩০)। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়াবিবাদে লিপ্ত হতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মা সূর্য বেগম রান্না করছিলেন। এ সময় উদ্দিন মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে পালিয়ে যান তিনি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১০টার দিকে পাশের একটি বাড়ির গ্রিল কেটে পালিয়ে থাকা উদ্দিন সরদারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে জব্দ করা হয়।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ছেলে আটক,হত্যার অভিযোগ,নেশার টাকা,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত