ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

‘দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী গড়তে কাজ করছে সরকার’

‘দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী গড়তে কাজ করছে সরকার’

‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী’—এই প্রত্যয় ব্যক্ত করে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ইতিমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এ এলাকা পরিদর্শন করবেন। এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এসে এলাকার পর্যটন সম্ভাব্যতা যাচাই করবে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিগগিরই এলাকার আকাশচিত্র বা এরিয়াল ভিউ ধারণের চেষ্টা করা হবে। পরে সেই চিত্র পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এত দিন দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও বাস্তবে প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতি ছিল।

এবার সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয়েছে। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা।

সরকার,পর্যটন নগরী,দুর্গাপুর-কলমাকান্দা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত