ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত দুটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিস্তারিত জানানো হয়।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জামালপুর মৌজায় নবাবগঞ্জ-ভাদুরিয়াগামী পাকা সড়কে ডাকাতির ঘটনা ঘটে।

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ১২ থেকে ১৩ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়।

ঘটনার পরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় আট সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাজাকালাই এলাকার মো. শাকিল সরকার (২৬) ও মো. রুহুল আমিন (৩৫); রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার মো. রাশেদ মিয়া ওরফে রাশেদুল (৩০), মো. রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), মো. সাজু মিয়া (৫৩), তরবমৌজা এলাকার মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২) এবং হলদিবাড়ী প্রধানপাড়া এলাকার মো. মিরাজ মিয়া (২৬)।

এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ কলোনির মো. শাহিন মিয়া (৩০) রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার,৮ সদস্য,আন্তঃজেলা চক্র,দিনাজপুরে ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত