
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রবীণরা দেশ ও জাতির মূল্যবান সম্পদ। তাদের মূল্যায়ন ও সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। তাদের অভিজ্ঞতা আমাদের চলমান জীবনে যথেষ্ট গুরুত্ব বহন করে।
বুধবার বিকেলে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মধ্যে সিনিয়র সিটিজেন পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ডা. রইছ উদ্দীন আহম্মেদ, মাহামুদুন নবী চৌধুরী ও কামারুজ্জামান লাইজু। এ ছাড়া বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য আরমিনা হোসেন রুমু, ডা. হাফিজ উদ্দিন, আমির খশরু ও মোস্তাফিজুল ইসদানী। অনুষ্ঠানে আজীবন সদস্য মো. ফজলে রাব্বি তুষার, নাজমা মশির, নুরে ছাবা ও মো. আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, প্রবীণদের চিকিৎসাসেবা ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জায়গার অভাবে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসকের কাছে তাদের আকুল আবেদন, সংগঠনকে আগে দেওয়া ঘরের সঙ্গে আরও কিছু জায়গা বরাদ্দ দেওয়া হোক।
সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব। সেখানে নৈতিকতা, সুশিক্ষা ও গুরুজনদের প্রতি সম্মান থাকবে। এ লক্ষ্য সামনে রেখে প্রবীণ হিতৈষী সংঘ প্রবীণদের নিয়ে কাজ করে যাচ্ছে।