
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল নারায়ণপুর মোড় এলাকায় এ অভিযান চালায়।
এ সময় ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেলে করে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সিরিক্স (Win Cerix) সিরাপ বহনের অভিযোগে মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাগুরা জেলার ইছাখাদা গ্রামের আ. রব মুন্সীর ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।