
টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা দুটি পুরোনো লোহার বাক্স উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে বাক্স দুটি উদ্ধার করে পুলিশ।
এগুলোর ভেতরে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান তারা। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো অনেক পুরোনো ও জং ধরা। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জমির মালিক কৃষক আশরাফ আলী বলেন, ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে সেগুলো মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক লোকজন দেখতে পান। তার ধারণা, বস্তুগুলো বহু পুরোনো কোনো নিদর্শন। এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অথবা তার আগের সময়ে পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম হতে পারে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো গ্রেনেড নয়, রকেট লঞ্চার বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।