ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডায়ালাইসিস সেবা বন্ধ হবে না, আশ্বাস চসিক মেয়রের

ডায়ালাইসিস সেবা বন্ধ হবে না, আশ্বাস চসিক মেয়রের

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রীনিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় স্থাপনা দুটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সবাই মিলে চাই, রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পেতে থাকেন। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, তিনি এ প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।

তিনি বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনেও চট্টগ্রাম সিটি করপোরেশন কাজ করছে। হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

প্রশাসক আরও বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এ প্রতিষ্ঠানের গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক রয়েছে। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চসিক মেয়র,ডায়ালাইসিস সেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত