ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় অভিযানে ভেঙে ফেলা হলো দুটি অবৈধ ইটভাটা

দামুড়হুদায় অভিযানে ভেঙে ফেলা হলো দুটি অবৈধ ইটভাটা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ দুটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন সনি ব্রিকস ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়।

পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের প্রথম পর্যায়ে জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসের চিমনিসহ ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসনের অভিযানিক দল দোয়েল ইটভাটায় গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পুরো এলাকায় প্রশাসনের তৎপরতা দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান না মেনে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা জানানো হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, “সরকারি নীতিমালার বাইরে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সারাদিন অভিযান চলবে।”

প্রশাসনের এ অভিযানের ফলে উপজেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অবৈধ ইটভাটা,ভেঙে ফেলা,দামুড়হুদায় অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত