
ফরিদপুরের বোয়ালমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে বায়জিদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা বাতাসী বেগম।
শুক্রবার উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদার ফাতিহা ও দোয়া মাহফিলে যোগ দিতে মাকে নিয়ে নিজেই অটোভ্যান চালিয়ে যাচ্ছিল বায়জিদ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দিলে মা ও ছেলে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার এসআই শিমুল আহমেদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।