
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই কম্বলের একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ সময় ৪২০টি ভারতীয় কম্বল, ছয় চাকার একটি কার্গো গাড়ি ও দুটি মোবাইল ফোন জব্দসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের উকিলবাড়ী এলাকায় ফারুকের খাবার হোটেলের সামনে ঢাকাগামী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)। তারা বর্তমানে যথাক্রমে ঢাকার যাত্রাবাড়ী ও গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করতেন।
ত্রিশাল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কার্গো গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত ছয় চাকার ‘নিউ তামান্না’ নামের একটি কার্গো গাড়ি, একটি টেকনো (TECNO KM9) অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং একটি টি-সোর্স ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা কম্বল, গাড়ি ও অন্যান্য আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় কম্বল দেশে আনা হয়েছিল। পরে সেগুলো ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে কার্গো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।