
দেশের প্রায় ৮০০ পেশাদার আলোকচিত্রীর অংশগ্রহণে আয়োজিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর তরুণ আলোকচিত্রী আমির হামজা (সাগর)। একই আয়োজনে ওয়েডিং ফটোগ্রাফি বিভাগেও প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি।
গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে আমির হামজার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ’ (পিপিবি) এ প্রদর্শনীর আয়োজন করে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ১৪টি বিভাগে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়ে। প্রতিটি বিভাগে সেরা তিনজনকে পুরস্কৃত করায় মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম হওয়ার পাশাপাশি সব বিভাগের ছবির মধ্যে আমির হামজার ছবিটি সেরা নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় আন্তর্জাতিক আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদা জিসহ বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ আলোকচিত্রী বিচারকের দায়িত্ব পালন করেন।
আমির হামজা ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। প্রায় নয় বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানে বিয়ের আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। বর্তমানে সেখানে জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ডিপ্লোমা পড়াশোনা শেষ করে অন্য পেশায় না গিয়ে সংগীত ও আলোকচিত্রের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে এ পেশায় যুক্ত হন আমির হামজা।
নিজের অর্জনে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এ স্বীকৃতি তার কাজের জন্য বড় অনুপ্রেরণা। নতুন আলোকচিত্রীদের নিয়মিত শেখা ও সৃজনশীলতা ধরে রাখার আহ্বান জানান তিনি।