
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ সচেতন নাগরিকেরা সাইকেল নিয়ে অংশ নেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রংপুর জিলা স্কুল মোড় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি টাউন হল, সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।
সাইকেল র্যালির উদ্বোধনের আগে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়। সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রে করাসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ, সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালিতে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়সহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন করতে সাইকেল র্যালিসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করছে রংপুর সিটি করপোরেশন।
এ সময় প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তর ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইকেল র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।