
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে সাদিয়া আক্তার (১৬) নামে এক অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া আক্তার উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। সে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের আলতাব উদ্দিনের ছেলে সজীবের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে সাদিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। সম্প্রতি সাদিয়া প্রেমিক সজীবকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। অন্যদিকে পরিবারের পক্ষ থেকেও সাদিয়াকে অন্যত্র বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে শনিবার ভোরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিকেলে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে প্রেমিক সজীব পলাতক রয়েছে।
নিহতের বাবা মতিয়ার রহমান জানান, একই এলাকার আলতাব উদ্দিনের ছেলে সজীব তার স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বনাশ করেছে। পরে সজীব মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মানসিক চাপ সহ্য করতে না পেরে সাদিয়া আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রেমিক সজীব পলাতক রয়েছে বলেও জানান তিনি।