ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার বিকেলে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে মো. লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে মো. রিপন মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৯ অক্টোবর রতন বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে গেলে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রতনের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১০।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালায়।

গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাকতলা বাজার এলাকার রাশেদ নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ ও ধর্ষণসহ গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

গ্রেফতার ৩,প্রধান আসামিসহ,হত্যা মামলা,এনজিও কর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত