ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান, রক্ষা পেল হাজারো প্রাণ

লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান, রক্ষা পেল হাজারো প্রাণ

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলওয়ের গেটম্যান। এতে প্রাণে বেঁচে যান ট্রেনের হাজারো যাত্রী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, রেললাইন পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেলক্রসিংয়ের ওপর আটকে পড়ে। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথ দিয়ে যাচ্ছিল।

সল্লা রেলওয়ে গেটম্যান মিজান ও স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে সেটি রেললাইনে আটকে যায়।

এ সময় ট্রেনটি আসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামান গেটম্যান মিজান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে সল্লা বাসস্ট্যান্ডের কিছু দূরে থাকা মাটি কাটার ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।

পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানান গেটম্যান মিজান।

হাজারো প্রাণ,গেটম্যান,ট্রেন থামালেন,লাল পতাকা উড়িয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত