
চাঁদপুর জেলার আটটি উপজেলায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে জেলার আটটি উপজেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে। এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।