
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হতভাগ্য ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। খবর পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখনো নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে দুটি বাটি, জামাকাপড় ও একটি তেলের বোতল পাওয়া গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।