ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিভাগীয় মামলায় অসদাচরণ এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৭টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–পুলিশ সদরদফতরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদফতরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ ও এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মে থেকে কোনও ধরনের ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওবায়দুর রহমান। তাকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। পরে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

আবা/এসআর/২৬

পুলিশ,বরখাস্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত