ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

২০ লাখ টাকা বরাদ্দের হোস্টেল নির্মাণকাজ বন্ধ, তদন্তের দাবি

২০ লাখ টাকা বরাদ্দের হোস্টেল নির্মাণকাজ বন্ধ, তদন্তের দাবি

রাঙামাটির বরকল উপজেলায় বরকল রাগীব-রাবেয়া কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা বরাদ্দে নির্মাণকাজ শুরু হলেও মাত্র ১০টি পিলার নির্মাণ করে কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রেখেছেন ঠিকাদার।

শুধু তাই নয়, পিলারের ব্যাস ঢালাইয়ে রড ব্যবহার না করা এবং নির্ধারিত সংখ্যার চেয়ে কম রড ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তুলেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা থেকে আসা দরিদ্র ও অসহায় ছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরে চারতলাবিশিষ্ট একটি হোস্টেল ভবন অনুমোদন দেওয়া হয়। প্রথম ধাপের কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে নির্মাণকাজ শুরু হয়। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ভবনটির প্রতিটি পিলারে ছয়টি করে রড ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার মাত্র দুটি করে রড দিয়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ আপত্তি জানালে মিস্ত্রির মাধ্যমে পিলারের মাঝখানে কোনোমতে ছয়টি রড গুঁজে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়। আরও উদ্বেগের বিষয় হলো, পিলারের ব্যাস ঢালাইয়ে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি। বর্তমানে মাত্র ১০টি নিম্নমানের পিলার নির্মাণ করে কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, "ছাত্রীদের নিরাপদ আবাসন এবং শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ভবনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে দায়সারা ও নিম্নমানের কাজ করা হয়েছে, তাতে পরবর্তী সময়ে চারতলা ভবন নির্মাণ করা হলে এটি যেকোনো সময় ধসে পড়ে জীবনহানির কারণ হতে পারে।"

নিম্নমানের এই অবকাঠামো নিয়ে স্থানীয় সচেতন মহল ও কলেজ প্রশাসনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্মাণকাজের গুণগত মান যাচাই করতে হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানসম্মতভাবে হোস্টেল ভবনটি পুনরায় নির্মাণ করতে হবে।

অন্যথায়, সরকারি অর্থ অপচয় ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের দায়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তদন্তের দাবি,নির্মাণকাজ বন্ধ,২০ লাখ টাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত