অনলাইন সংস্করণ
১৮:১২, ১৪ নভেম্বর, ২০২৬
আধুনিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তবমুখী জীবনদক্ষতার সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ঢাকার কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি’।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার প্লট-১৭৬২, ব্লক-এ-তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, শায়েখ সাদিকুর রহমান আজহারী, শায়েখ মোহাম্মদ আলী, শায়েখ মুস্তাফিজ রাহমানী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মাওলানা লুৎফর রহমান, শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, মাওলানা শিবলী নোমান এবং ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের পরিচালক হাফেজ মনির উদ্দিন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ মুশফিকুর রহমান, ক্বারী খুবাইব, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, ওস্তাদ সিদ্দিকুর রহমান সুমন, ওস্তাদ তাসনিম আলম, আলোকিত জ্ঞানীর পরিচালক সাইফুল ইসলাম এবং সংগীতশিল্পী মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক ও সাইমুম সাদী।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ব্যতিক্রমী শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম
একঝাঁক প্রসিদ্ধ ইসলামিক স্কলারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের সাধারণ শিক্ষার পাশাপাশি পৃথক হিফজ বিভাগ চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও স্পোকেন অ্যারাবিক চর্চার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটারভিত্তিক ব্যবহারিক শিক্ষা, খেলাধুলা, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, রান্না, শিষ্টাচার এবং দৈনন্দিন জীবনদক্ষতা শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। তাই কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড়
প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ ভর্তি উৎসব শুরু হয়েছে। এ সময়ে নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আগ্রহী অভিভাবকদের সন্তানসহ ক্যাম্পাস পরিদর্শন করে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম সম্পর্কে বিস্তারিত জানার আহ্বান জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।