
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে জিনিয়া (১৭) নামে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে শাওন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অপহৃত জিনিয়া উপজেলার সীমান্তবর্তী জয়রনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জিনিয়ার বাবা জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়-সংলগ্ন এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দর্শনা মোবারকপাড়ার মৃত গুদার ছেলে শাওনসহ ২-৩ জন তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ওই রাতেই তিনি বাদী হয়ে শাওনের নাম উল্লেখ করে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে পারেনি।
জসিম উদ্দিন আরও বলেন, শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার মেয়ে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শাওন তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। বিষয়টি তিনি ও তার পরিবারের সদস্যরা শাওনের পরিবারকে জানিয়েছিলেন। তবে কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত এ ঘটনা ঘটেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কী কারণে ওই স্কুলছাত্রীকে তুলে নেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার দিনই স্কুলছাত্রীর বাবা জসিম উদ্দিন শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।