
কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক ও ন্যায্যমূল্য পান, সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। কৃষকদের ঘামঝরা ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে এবং দেশের সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার উদ্দেশ্যেই অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালনের আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই কাজ—দেশের সব মানুষকে ভালো রাখা, কৃষক ভাই-বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন খান, মহাপরিচালক (খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট) মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন এবং পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান।
সংশ্লিষ্টদের মতে, অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। এতে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।