
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে মবের শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৪ শনিবার) দুপুরে হাতকড়া পরিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
গ্রেপ্তার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজার এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় সালিশের সংবাদ সংগ্রহ করতে যান তারা। তাদের ভাষ্য, ওই ঘটনায় স্থানীয় যুবক নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তারা জানতে পারেন।
পরে স্থানীয় এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি বাড়িতে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখেন সাংবাদিকেরা। এ সময় তারা ভিডিও ধারণ করেন। একপর্যায়ে বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বাজারে নিয়ে যান।
সাংবাদিকদের অভিযোগ, সেখানে জাহিদের ডাকে দুই থেকে তিন শতাধিক লোক জড়ো হয়ে তাদের ঘিরে ধরে হেনস্তা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাংবাদিকদের দাবি, তাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হলেও ভিডিওতে যাদের মাদক সেবন করতে দেখা গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আদালতে নেওয়ার পথে আব্দুর রাজ্জাক সুজন বলেন, ‘মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছে। আমরা রাজি না হওয়ায় মব সৃষ্টি করে আমাদের ফাঁসানো হয়েছে। অথচ যাদের মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে।’
মামলার বাদী ফজলুর রহমান ফজলুর কাছে সাংবাদিকেরা তার কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করেছেন কি না জানতে চাইলে তিনি চাঁদা দেননি বলে জানান।
সাংবাদিকদের দাবি, তিনি অভিযুক্তদের নামও বলতে পারেননি। অন্যদিকে স্থানীয় এক নারী সাংবাদিকদের চাঁদা দিয়েছেন—এমন অভিযোগের সত্যতা এবং বাদীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনাটি জানাজানি হলে জেলা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। সাংবাদিকেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু যাচাই এবং কথিত মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি—এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি।