ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়নে কর্মশালা

ভূরুঙ্গামারীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়নে কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ (ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রূপালী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়ন করছে। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলে অনূর্ধ্ব ২৮ বছর বয়সী যে কেউ এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না।

কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক মো. শামিম হোসেন। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম।

বক্তব্যে মো. শামিম হোসেন বলেন, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচিতে অনূর্ধ্ব ২৮ বছর বয়সীরা বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলে আবেদন করতে পারবেন। যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করা যাবে। ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই-বাছাই করে অর্থায়ন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক নূর আলম, অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার সারোয়ার হোসাইন, জনতা ব্যাংক পিএলসির শফিউল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মারজান সরকার, ইসলামী ব্যাংক পিএলসির মাহমুদুল হাসান, ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপক নাইমুল করিম, আইএফআইসি ব্যাংক পিএলসির প্রসেনজিৎ কুমার রায়, এনআরবিসি ব্যাংক পিএলসির মাসুদ রানা এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

অর্থায়নে কর্মশালা,অনুসন্ধান,তরুণ উদ্যোক্তা,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত